
মোঃ শফিকুল আলম শাকিল
গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যা মামলার প্রধান দুই আসামি পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের এএইচএম রেজাউল করিম সানা (৫৫) এবং তার ছেলে মো. নাসিরুল আহসান আকিব (৩৫)।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হলে ফারদিন রুহিত (২১) গুরুতর আহত হন। বড় ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহমিদ রুমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। আহত ফারদিন রুহিত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় নিহতের মা গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় র্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং র্যাব-১, গাজীপুরের যৌথ অভিযানে মঙ্গলবার (৩০ জুন) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাহেরারচালা এলাকার সোয়াইব মার্কেটের সামনে থেকে এএইচএম রেজাউল করিম সানাকে গ্রেফতার করা হয়।

