
আল মুজাহিদ
যশোরে এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী সামিনা আক্তার শাম্মী হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং যশোর আদালত চত্বরে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করে শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শাম্মী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই দ্রুত তদন্ত শেষ করে বিচারিক প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, শাম্মীর মৃত্যু তার পরিবার, সহপাঠী ও স্থানীয় মানুষের মধ্যে গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে। এ ঘটনায় যেন কোনো ধরনের গাফিলতি বা বিচারহীনতা না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনারও দাবি জানান।
শিক্ষার্থীদের এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেন। মানববন্ধন শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শাম্মী হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

