কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর: প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করায় প্রথম পুরস্কার লাভ করেছেন চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিসেস নয়ন বেগম।
আজ সোমবার (২৯ জুন, ২০২৬) লক্ষ্মীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সভায় তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে অতি অল্প সময়ে, স্বল্প খরচে এবং স্বচ্ছতার সাথে মামলা ও বিরোধ নিষ্পত্তি করে বিচারপ্রার্থী সাধারণ মানুষের আস্থা অর্জন করায় চররমনী মোহন ইউনিয়নের গ্রাম আদালতকে চলতি মেয়াদে উপজেলার শ্রেষ্ঠ গ্রাম আদালত হিসেবে নির্বাচিত করা হয়।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় চররমনী মোহন ইউপি চেয়ারম্যান মিসেস নয়ন বেগম বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি আমার পুরো ইউনিয়ন পরিষদ টিম এবং চররমনী মোহনের সর্বস্তরের জনগণের। গ্রাম আদালতের মাধ্যমে আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে হয়রানি ও বাড়তি খরচ ছাড়া দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে। এই পুরস্কার আমাদের আগামীতে আরও সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তারা চররমনী মোহন ইউনিয়নের এই সাফল্যে চেয়ারম্যান নয়ন বেগমকে অভিনন্দন জানান এবং অন্যান্য ইউনিয়নগুলোকেও গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

