
মোঃ গোলাম রব্বানী
খুলনার রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত সমবায় সমিতির সদস্যদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা সমবায় অফিসার মো: জহিরুল ইসলাম।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সমবায় অফিসার জান্নাতুন নেছা। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও স্বাবলম্বী করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের ইন্সট্রাক্টর (প্রশিক্ষক) রাধাকান্ত ঘোষ এবং অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা ও সহযোগিতায় ছিলেন রূপসা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ সাহানুর রহমান শাইনুর।
মতবিনিময় সভায় রূপসা উপজেলার বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতির (যেমন: রামনগর শ্রমজীবী সমবায় সমিতি লি:, আশায় প্রদীপ সমবায় সমিতি লি:, স্বর্ণলতা ঋণদান সমবায় সমিতি লিঃ, রূপসা উপজেলা আদিবাসী সমবায় বহুমুখী সমিতি, সোনালী শ্রমজীবী সমবায় লি:, বন্ধু শ্রমজীবী সমবায় সমিতি লি:, ফোর স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এবং রাজাপুর খেয়াঘাট শ্রমজীবী সমবায় সমিতি ইত্যাদি) সভাপতি, সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সমবায় অফিসার মো: জহিরুল ইসলাম বলেন, “সমবায় হচ্ছে স্বাবলম্বী হওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। প্রতিটি সমিতিকে নিয়মতান্ত্রিকভাবে অডিট সম্পন্ন করতে হবে এবং সদস্যদের সঞ্চয়ের সঠিক আমানত রক্ষা করে উৎপাদনমুখী কর্মকাণ্ডে বিনিয়োগ করতে হবে।” তিনি রূপসা উপজেলার সমবায়ীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জান্নাতুন নেছা বলেন, উপজেলা সমবায় কার্যালয় সব সময় সাধারণ সমবায়ীদের পাশে থেকে আইনি ও টেকনিক্যাল সহযোগিতা প্রদান করতে বদ্ধপরিকর। তিনি উপস্থিত সকল সমিতির প্রতিনিধিদের নিয়মিত সভা করা এবং হিসাব-নিকাশ হালনাগাদ রাখার নির্দেশ দেন।
অনুষ্ঠানে প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ সমবায় আইন ও ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন সমিতির সদস্যরা তাদের বর্তমান কার্যক্রমের অগ্রগতি, নানাবিধ চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তাবৃন্দ ধৈর্যসহকারে তাদের কথা শোনেন এবং তাৎক্ষণিক দিকনির্দেশনা ও সমাধান প্রদান করেন। সভা শেষে উপজেলার সমবায়ীদের মাঝে এক নব উদ্দীপনার সৃষ্টি হয়।

