
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় ৩১৩টি কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রোববার (২৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মোট ৪৪ হাজার ৪০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৪ হাজার ৮৫০ জন শিশুকে নীল এবং ৩৯ হাজার ৫৫০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হয়।
ডা. বর্ণালী দাস বলেন, ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, জনসচেতনতা ও সবার সম্মিলিত সহযোগিতার কারণে কুলাউড়ায় ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে।

