
মোঃ জাহিদ হোসেন জিমু,
গাইবান্ধার বোয়ালি ইউনিয়নের দক্ষিণ হরিন সিংহা গ্রামে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া একটি গরু উদ্ধার করেছে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। রবিবার (২৮ জুন) সকাল ১১টায় এই ঘটনা ঘটে।
জানা যায়, রাতে গরুটির মালিক মো: হিরো মিয়া (পিতা মৃত মোঃ মান্নান সরকার)-এর বাড়ির সেফটি ট্যাংকির ওপরের স্লাব হঠাৎ ভেঙে যায়। এ সময় গরুটির ট্যাংকির ভেতর পড়ে গিয়ে আহত হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
স্টেশন অফিসার মোঃ রিফাত আল মামুনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ১১টা ১৪ মিনিটে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজে তারা টু-হাসু পাম্প ব্যবহার করে ট্যাংকটি পানি দিয়ে পূর্ণ করেন, ফলে গরুটিকে সহজেই ওপরের দিকে ভাসিয়ে আনা সম্ভব হয়। ১৫ মিনিটের প্রচেষ্টায় সকাল ১১টা ২৯ মিনিটে গরুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকারী দল জানায়, গরুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০,০০০ টাকা। স্লাব ভেঙে যাওয়ায় প্রায় ৫,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুততম সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোয় এবং আধুনিক পদ্ধতি অবলম্বন করায় গরুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

