
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার হরিনাচালা এলাকার সেলিম নগরে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজাউল (২৮) নামে এক যুবক।
নিহত রেজাউল কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী থানার জয়মনিহাট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তাঁর মায়ের নাম রহিমা। তিনি বর্তমানে কোনাবাড়ীর সেলিম নগরের হরিনাচালা এলাকায় সোহেলের ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬-৬-২০২৬) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে যেকোনো সময়ে তিনি নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস নেন। পরে পাশের কক্ষে থাকা তাঁর ভগ্নিপতি হাফিজুর ও স্থানীয় লোকজন কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে প্রথমে শরীফ হাসপাতাল, পরে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বোর্ডবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহ অ্যাম্বুলেন্সে করে তাঁর বর্তমান ঠিকানায় নিয়ে আসেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, রেজাউল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় ১০ থেকে ১২ দিন আগে তাঁর বড় বোন পারুল ও ভগ্নিপতি হাফিজুর চিকিৎসার উদ্দেশ্যে তাঁকে কুড়িগ্রাম থেকে গাজীপুরে নিয়ে আসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউলের গ্রামের বাড়িতে তাঁর স্ত্রী লাইজু (৩০), ছেলে লামিম (১১) ও মেয়ে রিয়ামনি (৫) রয়েছেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

