
মোঃ গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা উপজেলার তিলক দক্ষিণপাড়ায় আজ প্রথমবারের মতো সম্পূর্ণ বিনামূল্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘মানবতার সেবা আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে সামাজিক ও দ্বীনি সংগঠন ‘হিলফুল ফুজুল ইসলামী সেবা সংস্থা’ (তিলক শাখা)-র উদ্যোগে এই ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়।
আজ ২৬ জুন ২০২৬, রোজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত তিলক দক্ষিণপাড়া বাইতুস-সালাম জামে মসজিদের সম্মুখে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলে। ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে দুস্থ, অসহায় এবং সর্বসাধারণ রোগীকে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আমিন উদ্দীন, বিসিএস (স্বাস্থ্য)।
আয়োজকরা জানান, ক্যাম্প চলাকালীন অত্যন্ত সুশৃঙ্খলভাবে এলাকার প্রায় ৭০ থেকে ৮০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ প্রত্যন্ত অঞ্চলে এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
মানবসেবামূলক এই কর্মসূচি সফল করতে সার্বিক তত্ত্বাবধান ও দায়িত্ব পালন করেন হিলফুল ফুজুল ইসলামী সেবা সংস্থার সভাপতি মাওলানা মোবারক করিম। এ সময় সংগঠনের সক্রিয় সদস্যদের মধ্যে আসাদুজ্জামান, আসিফ, সালাম গাজী, হাফেজ আল আমিনসহ আরও অনেকেই উপস্থিত থেকে রোগীদের সহযোগিতা ও শৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, হিলফুল ফুজুল ইসলামী সেবা সংস্থা একটি অরাজনৈতিক, দ্বীনি ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান, গরিব ও অসহায়দের আর্থিক সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ এবং দ্বীনি কার্যক্রমের পাশাপাশি সমাজের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তাদের এই প্রয়াস। আগামীতেও মানবতার কল্যাণে এ ধরনের জনহিতকর ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংস্থার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

