
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে অংশ নিতে আসছেন দলের দুই কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসিরউদ্দীন পাটোয়ারী।
কুলাউড়া এনসিপি সূত্রে জানা যায়, দত্তগ্রাম সীমান্ত এলাকায় আয়োজিত এ সমাবেশে সীমান্ত হত্যার ঘটনায় ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদ তুলে ধরা হবে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম এবং মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র অনুযায়ী, কর্মসূচির দিন দুই নেতা কুলাউড়ার রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। এরপর সীমান্ত এলাকায় গিয়ে আয়োজিত সমাবেশে যোগ দেবেন।
এনসিপির স্থানীয় নেতারা জানিয়েছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হবে সমাবেশ থেকে।
দলটি বলছে, সীমান্তে বসবাসকারী মানুষের নিরাপত্তা, দেশের নাগরিকের জীবনরক্ষা এবং সীমান্ত পরিস্থিতিতে জবাবদিহি নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

