
শেখ মোহাম্মদ পারভেজ
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাবনা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পাবনার সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: খাইরুল কবির, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক, পাবনা জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: দুলাল উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ওরিয়েন্টেশন কর্মশালায় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৯টি উপজেলা, ৭৪টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় একযোগে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ উপলক্ষে জেলার ১ হাজার ৯৪৮টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ১৩টি স্থায়ী কেন্দ্র এবং ১ হাজার ৯৩৫টি অস্থায়ী কেন্দ্র রয়েছে।
এছাড়াও বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল প্রদান করা হবে।
কর্মশালায় শিশুদের বয়স ৬ মাস পূর্ণ হওয়ার পর মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ভিটামিন “এ” রাতকানা রোগ প্রতিরোধ, শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

