
আবুসুফিয়ান,
সিরাজগঞ্জে আলোচিত চিকিৎসক হত্যা মামলার ১৫ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫) এবং সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার জাকারিয়া মাসুদ (৪৩)। তাদের মধ্যে জাকারিয়া মাসুদ বর্তমানে পলাতক রয়েছেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ জানান, মামলার চার আসামির মধ্যে রুহুল আমীন বাবু মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপর আসামি ডা. আব্দুল লতিফের রিভিশন আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম স্থগিত রয়েছে। আবেদন নিষ্পত্তির পর তার বিরুদ্ধে বিচারকাজ পুনরায় শুরু হবে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বাকি মির্জাকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের বিষয়টি তদন্তে উঠে আসে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।

