
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
সিলেটের ফেঞ্চুগঞ্জ-কুলাউড়ার ভাটেরা, সড়কের কালাকাটি এলাকায় পুলিশের পোশাক পরে একদল দুর্বৃত্ত বিদেশফেরত যাত্রীবাহী একটি গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে মুমিনছড়া বাগানের কালাকাটি মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই সড়ক ব্যবহারকারী যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বিদেশফেরত এক যাত্রীকে নিয়ে একটি গাড়ি ফেঞ্চুগঞ্জ থেকে ভাটেরার দিকে যাচ্ছিল। পথে কালাকাটি এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি গাড়িটির গতি থামায়। তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গাড়িতে তল্লাশি চালানোর কথা বলে। একপর্যায়ে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত সটকে পড়লে ভুক্তভোগীরা স্থানীয়দের বিষয়টি জানান। পরে খবরটি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্য, রাতের বেলায় সড়কটিতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এমন অপরাধের ঝুঁকি বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ফেঞ্চুগঞ্জ-ভাটেরা সড়কটি কুলাউড়া ও আশপাশের এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। কিন্তু গভীর রাতে এই সড়কে পর্যাপ্ত টহল না থাকায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পুলিশের পোশাক ব্যবহার করে অপরাধ সংঘটনের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে বাড়তি ভীতি তৈরি হয়েছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, এ ঘটনায় কুলাউড়া থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি সড়কটিতে নিয়মিত পুলিশ টহল, চেকপোস্ট ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

