
মোঃ জিমু
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারীকে যুবদলের সন্ত্রাসী কর্তৃক কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা। ২২ জুন ২০২৬ খ্রি. সোমবার সকালে বৃষ্টির দিনেও গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বর থেকে প্রতিবাদী মানুষ এই মিছিলে অংশ নেন। মিছিল টি গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন করে পূণরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘সাইফুল্লাহ হত্যার বিচার চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’—এমন বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। তারা দাবি করেন,
সাইফুল্লাহর হত্যাকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বিক্ষোভকারীরা জানান, অন্যায়ের প্রতিবাদ করা এবং সাইফুল্লাহর মতো অকালে ঝরে যাওয়া প্রতিটি জীবনের সঠিক বিচার পাওয়ার অধিকার তাদের রয়েছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত আশরাফ নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

