
আঃ রাজ্জাক,
রাজধানীর খিলখেত এলাকার বিআরটিএ ট্রেনিং সেন্টারে ভয়াবহ দালাল ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ট্রেনিং সেন্টারের স্টাফ সিরাজের দিকে। তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ৭-৮ জনের একটি শক্তিশালী দালাল চক্র।
সরেজমিনে যা দেখা গেল
সরেজমিনে ঘুরে দেখা গেছে, অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য। লাইসেন্স, ফিটনেস, রেজিস্ট্রেশন, মালিকানা বদলি — কোনো কাজই দালাল ছাড়া হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। এই চক্রের মূলহোতা হিসেবে উঠে এসেছে ট্রেনিং সেন্টারের স্টাফ সিরাজের নাম।
টাকা ছাড়া মেলে না সার্টিফিকেট
ভুক্তভোগীদের অভিযোগ, অনেকদিন ট্রেনিং করার পরেও সার্টিফিকেটের জন্য সিরাজকে আলাদা টাকা দিতে হয়। টাকা না দিলে সার্টিফিকেট আটকে রাখা হয়। এরই মধ্যে সিরাজের টাকা লেনদেনের কিছু ভিডিও ফুটেজও হাতে এসেছে।
কর্তৃপক্ষের বক্তব্য
এ বিষয়ে বিআরটিএ-র ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে আলাপকালে তিনি বলেন, “সিরাজের দালালির বিষয়টি আগে কেউ আমাদেরকে বলেনি। আমরা এ বিষয়ে সিরাজের বিরুদ্ধে তদন্ত করে দেখব। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি
দ্রুত দালালমুক্ত বিআরটিএ সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সেবাপ্রত্যাশীরা। তাদের অভিযোগ, সিরাজ ও তার সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং সরকারের রাজস্বও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

