
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের পরিচিত মোটরসাইকেল চালক ‘হৃদয়’ সম্প্রতি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ধরা পড়েছেন। জানা গেছে, তিনি তার ১৫৫ সিসির সুজুকি মোটরসাইকেলটি মডিফাই করে বিকট শব্দের হর্ন ও পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করছিলেন। এ ঘটনায় তাকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুধু জরিমানাই নয়, মোটরসাইকেলটি ডাম্পিংও করা হয়েছে। অর্থাৎ, আইনানুগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মোটরসাইকেলটি পুলিশের হেফাজতেই থাকবে এবং চালক তা ফেরত পাবেন না।
উল্লেখ্য, অনেক মোটরসাইকেল চালক অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ও পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে রাস্তায় চলাচল করেন, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য এ ধরনের বিকট শব্দ অত্যন্ত ক্ষতিকর ও বিরক্তিকর। এ ধরনের শব্দদূষণ রোধে জেলা গোয়েন্দা পুলিশ এখন কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে।

