
দীপক শর্মা
পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি ২শ’ গ্রাম গাঁজাসহ হুসনেয়ারা বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ রবিবার (২১ জুন, ২০২৬) রাত ১০টার দিকে বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হুসনেয়ারা বেগম বালিয়াডাঙ্গী উপজেলা শহরের ফুলতালা গ্রামের মরহুম বাবলুর রহমানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ফুলতালা গ্রামের মরহুম বাবলুর রহমানের স্ত্রী হোসনেয়ারা বেগম বিপুল পরিমাণ মাদক নিয়ে বাসায় প্রবেশ করছেন। এই সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার একটি চৌকস টিম তার বাসা এলাকায় অবস্থান নিয়ে নজরদারি শুরু করে।
পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ীর শয়ন ঘর তল্লাশী ঘরের ভেতরে লুকিয়ে রাখা ব্যাগে রক্ষিত ২ কেজি ২শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধারের পর হুসনেয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, এই ঘটনায় ধৃত আসামি হোসনেয়ারা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামি ও তার ছেলে হোসেন আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

