
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘোড়াঘাট থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও নারী পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মোছা. হুরি বেগম (৪০), স্বামী মো. আব্দুল করিম মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৮ হাজার ২০০ টাকা।
একই দিন দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ঘোড়াঘাট থানার এসআই (নিঃ) মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ডুগডুগী বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত মুরগির খামারে অভিযান চালায়। এ সময় মো. নয়ন মনি (৩৫) ও মো. মমিনুল রহমান (২৩)-এর কাছ থেকে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৭ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, পৃথক দুই অভিযানে মোট ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, রবিবার (২১ জুন) ওয়ারেন্টভুক্ত একজন এবং মাদক মামলায় গ্রেফতার দুইজনসহ মোট তিন আসামিকে পুলিশের প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে ঘোড়াঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

