
নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল পুলিশি অভিযানে পণ্ড হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে আলতাব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ডিগ্রী কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দৌলতপুর সদর ইউনিয়নের মৃত মজিবুর রহমানের ছেলে আলতাব হোসেনকে আটক করা হয়।
আটক ব্যক্তির জবানবন্দি:
আটক আলতাব হোসেনের বরাত দিয়ে পুলিশ জানায়, দৌলতপুরে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়ে মিছিল করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছিল। মিছিলের প্রস্তুতির সময় সেখানে ৬৬ থেকে ৭৬ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ব্যানার জব্দ:
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ব্যানার জব্দ করেছে। ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে দৌলতপুর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল। প্রত্যাবর্তন ২.০ লোডিং। সৌজন্যে- বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ দৌলতপুর, কুষ্টিয়া ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, দৌলতপুর উপজেলা।’
ওসির বক্তব্য:
দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দৌলতপুরকে অশান্ত করার পরিকল্পনা নিয়ে একত্রিত হয়েছিল। অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠনের দুষ্কৃতকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান ও উগ্রবাদী কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্টের চেষ্টা করায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০২৫) এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলা হয়েছে। এ ঘটনায় এসআই সোহানুর রহমান বাদী হয়ে ১০১৬ নং জিডি মূলে এজাহার দায়ের করেছেন।
অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্য:
ওসি আরিফুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই সোহানুর রহমান, এসআই লিংকন সরকার, পিএসআই ব্রজেন মন্ডল, পিএসআই তরিকুল ইসলাম, এসআই মতিয়ার রহমান, এসআই বিপ্লব এবং কনস্টেবল আজম ও শরিফুল।
আটক আলতাব হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

