
মার্শাল হাসান-বিশেষ প্রতিনিধি
ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং জেলা কারাতে একাডেমির সহযোগিতায় আন্তক্লাব কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী ৪২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। তরুণ প্রজন্মকে সুস্থ ও সুশৃঙ্খল রাখতে কারাতে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এ ধরনের কার্যক্রমে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, সন্তানদের কারাতে প্রশিক্ষণে সম্পৃক্ত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আরও বেশি তরুণ-তরুণীকে খেলাধুলা ও মার্শাল আর্টের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন। এছাড়া বক্তব্য দেন জেলা কারাতে একাডেমির সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক জসিম গাজী।
পুরস্কার বিতরণের আগে প্রতিযোগীরা কারাতের বিভিন্ন কৌশল ও নৈপুণ্য প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সবশেষে চারটি ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ৪২ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

