
মোঃ শফিকুল আলম শাকিল-গাইবান্ধা
গাইবান্ধা শহরের কলেজপাড়ায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ফিজিক্স স্টাডি হোম’-এর আয়োজনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর ১২টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ‘ফিজিক্স স্টাডি হোম’-এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক জনাব এম.আর রিয়াদ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর এস.এম আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জনাব মোঃ মাহমুদুল হাসান, গাইবান্ধা সরকারি মহিলা কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ আব্দুর রহমান খোকন এবং গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক (নন-ক্যাডার) জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিদায়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার প্রদান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মেধার ভিত্তিতে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ২৫,০০০ টাকা, দ্বিতীয় ১৫,০০০ টাকা, তৃতীয় ৫,০০০ টাকা, চতুর্থ ৩,০০০ টাকা এবং পঞ্চম পুরস্কার হিসেবে ২,০০০ টাকা প্রদান করা হয়।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, ‘ফিজিক্স স্টাডি হোম’ গাইবান্ধার শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে। আজকের এই পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে উৎসাহিত করবে।
পুরস্কার বিতরণী পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

