
মুহাম্মাদ রাকিবুল ইসলাম
আজ (২০ জুন ২০২৬) সকাল ১০ ঘটিকায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বারপাইকেরগড় এলাকায় নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
“গ্রামীণ নারী দক্ষতা ও স্বাবলম্বীকরণ কর্মসূচি” শীর্ষক এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রুবানা তানজিন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও রুবানা তানজিন বলেন, “নারীদের দক্ষ মানবসম্পদে পরিণত করা এখন সময়ের দাবি। সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মনোয়ার হোসেন সভাপতির বক্তব্যে বলেন,
“আমাদের লক্ষ্য শুধু নারীদের কারিগরি প্রশিক্ষণ প্রদান নয়, বরং তাদের দক্ষ, আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। সেলাই ও কম্পিউটার শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও ইসলামিক শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, দক্ষতা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা একজন নারী পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “গ্রামীণ নারীদের উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন হলে পরিবারগুলো অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে।”
বক্তারা আরও বলেন, বর্তমান যুগে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই।
সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে নারীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন, যা জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
উল্লেখ্য, মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঘোড়াঘাট উপজেলার বারপাইকেরগড় এলাকায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

