
মোঃ পারভেজ পটিয়া (প্রতিনিধি)
অপহরণের পর মুক্তিপণ দাবি করে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু মোঃ জায়হানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মোঃ সাজ্জাদ হোসেন।
শুক্রবার (১৯ জুন) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল (পূর্ব পাড়া) এলাকায় নিহত শিশু জায়হানের কবর জিয়ারত করেন এবং পরে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোক কাটিয়ে ওঠার জন্য মানসিকভাবে পাশে থাকার আশ্বাস দেন।
পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার পর মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এ ধরনের নৃশংস ও মানবতাবিরোধী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “শিশু হত্যার মতো জঘন্য অপরাধে কোনো ছাড় দেওয়া উচিত নয়। দ্রুত বিচার নিশ্চিত করাই হবে ন্যায়বিচারের প্রথম শর্ত।”
তিনি আরও বলেন, সমাজে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি নিহত শিশু জায়হানের পরিবারের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকা থেকে পাঁচ বছর বয়সী শিশু জায়হান নিখোঁজ হয়। পরবর্তীতে মুক্তিপণের দাবিতে পরিবারের কাছে চিঠি পাঠানো হয়। পরে পুলিশের তদন্তে একাধিক সন্দেহভাজনকে আটক করা হয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে একাধিক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জাতীয় ছাত্রশক্তির জেলা সংগঠক আশরাফুল ইসলাম তক্কীর, রবিউল ইসলাম, মিশকাতসহ পটিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

