
মোঃ হাসান আলী
অবশেষে নওগাঁ জেলা পুলিশের মানবিক উদ্যোগ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪দিন পর পরিচয় মিলেছে সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া এক বাক প্রতিবন্ধী বৃদ্ধের। পরে তাঁকে পরিবারের প্রশাসনের সহায়তায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৬ জুন ২০২৬তারিখে ধামইরহাট উপজেলার চকিলাম বিওপি সীমান্ত এলাকা থেকে পুশইন সন্দেহে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক বাক প্রতিবন্ধী বৃদ্ধকে উদ্ধার করেন। নাম- ঠিকানা বলতে না পারায় বিজিবি তাকে ধামইরহাট থানায় হস্তান্তর করেন।
বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তিনি বৃদ্ধের পরিচয় শনাক্ত ও মানবিক সহায়তার জন্য ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমানকে বিশেষ নির্দেশনা দেন। এ সময় তিনি পত্নীতলা ১ট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ সংশ্লিষ্টদের সঙ্গেও সার্বিক যোগাযোগ করেন।
এদিকে, সম্প্রতি রাতের বেলায় থানা পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার ওই বৃদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ চার দিন ধরে বৃদ্ধকে আশ্রয় ও প্রয়োজনীয় সেবা প্রদান করেন। একই সঙ্গে পুলিশের বিশেষ ইউনিটের (পিবিআই) সহায়তায় আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করা হয়।
পরে জানা যায়, ওই বৃদ্ধের নাম মো. সাখাওয়াত হোসেন ওরফে মোকারম(৬৭)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ফাজিলপুর গ্রামের মৃত গোলাম নবীর ছেলে।
পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর শুক্রবার (১৯ জুন) তাকে তার গ্রাম-প্রতিবেশী আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, সাখাওয়াত হোসেন মানসিকভাবে অসুস্থ এবং প্রায় তিন মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। বর্তমানে তার পরিবারে বৃদ্ধা স্ত্রী ছাড়া আর কেউ নেই।
হারিয়ে যাওয়া এই বৃদ্ধকে দীর্ঘ তিন মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে নওগাঁ জেলা পুলিশ সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছে।

