
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও পৌরসভা ১২ নং ওয়ার্ড, খালপাড়া। দীর্ঘ দিন ধরে বেহাল সড়ক। এই সড়কে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, রিকশাও নামে না। চরম দুর্ভোগে এলাকাবাসী। পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি।
ঠাকুরগাঁও পৌরসভার ১২ নং ওয়ার্ডের যুব সংসদ মাঠ সংলগ্ন খালপাড়া এলাকার সড়কটি সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। মেইন রোড থেকে রাস্তাটি অনেক নিচু হওয়ায় বৃষ্টির পানিতে বারবার ভেঙে যাচ্ছে। ফলে এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। রাস্তাজুড়ে বড় বড় গর্ত আর কাঁদায় চলাচল একেবারেই অনুপযোগী। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে স্কুলগামী শিশু থেকে শুরু করে অসুস্থ রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অ্যাম্বুলেন্স বা রিকশা-ভ্যান কিছুই ঢুকতে না পারায় জরুরি মুহূর্তে রোগীকে কাঁধে করে মেইন রোড পর্যন্ত নিতে হয় স্থানীয়দের।
তথ্য মতে, রাস্তাটি নির্মাণ করার পর দীর্ঘ বছরে আর কোনো সংস্কার কাজ হয়নি। বর্ষা আসলেই আমাদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি উঁচু করে টেকসইভাবে নির্মাণের মাধ্যমে মানুষ ও যান চলাচল উপযোগী করা হোক। বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

