
আল মুজাহিদ,
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) যশোরের আলহাজ্জ মতিউর রহমান মহিলা ফাজিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক প্রফেসর মো. নওশের আলী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াসিন আলী, সহকারী রেজিস্ট্রার শামীম হোসেন খান এবং কর্মকর্তা হাফিজুল ইসলাম।
এ সময় মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন, ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ বাকী বিল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ ফেরদৌসুর রহমান, মোহাম্মদ মাসুদ পারভেজ, ড. হাদীউজ্জামান, সমীর কুমার সরকার, মোহাম্মদ ইলিয়াস আলীসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

