
মো. পারভেজ,
আহলে বাইত রাসুল (সা.)-এর আত্মত্যাগ ও কারবালার চিরন্তন শিক্ষা স্মরণে চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফে শুরু হয়েছে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল। বুধবার (১৭ জুন) বাদ এশা মাহফিলের ২১তম আয়োজনের উদ্বোধন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৬ জুন পর্যন্ত চলমান এ মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতিমান আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা কারবালার ইতিহাস, শিক্ষা ও মানবতার জন্য এর তাৎপর্য নিয়ে আলোচনা করবেন।
প্রথম দিনের আলোচনায় কারবালার মর্মান্তিক ঘটনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে আশেকে আমিরভান্ডারী অসংখ্য ভক্ত-মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
মাহফিলে স্বাগত বক্তব্যে কারবালা মাহফিল কমিটির সভাপতি শাহছুফি সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ আমিরী বলেন, “১৭ জুন থেকে শুরু হওয়া এ মাহফিল ২৬ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন দেশের প্রখ্যাত আলেমগণ গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা উপস্থাপন করবেন। সকল সুন্নি মুসল্লিকে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
আলোচনা শেষে মিলাদ, কিয়াম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত হয়।
এ সময় মাহফিল কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহসাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ মুহাম্মদ কায়েস আমেরী, অর্থ সম্পাদক আশিক আমেরী, বখতিয়ার হামিদ, আলমগীর আলম, মুহাম্মদ সোহেল, রাজিব হোসেন, মিজানুর রহমানসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলের সফল আয়োজন ও সার্বিক সহযোগিতার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।

