
মোঃ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজার সফরকালে অসুস্থ সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি খালেদা রাব্বানীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সরকারি কর্মসূচি শেষে তিনি তার বাসভবনে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী সরাসরি খালেদা রাব্বানীর বাসভবনে যান। সেখানে কিছু সময় অবস্থান করে তিনি তার চিকিৎসার অগ্রগতি ও সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে প্রবীণ এই রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনা করেন।
খালেদা রাব্বানী দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। জেলার রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সুপরিচিত ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
প্রধানমন্ত্রীর এ সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। রাজনৈতিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের প্রতিফলন হিসেবে এ ঘটনাকে দেখছেন অনেকেই।
এ সময় খালেদা রাব্বানী ও তার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

