
মোঃ পারভেজ-পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় ৫ বছর বয়সী শিশু মো. জায়হান নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এদিকে, বাসায় একটি চিরকুট পাওয়া গেছে বলে দাবি করেছে পরিবার। ওই চিরকুটে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকে শিশুটির স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সন্তানকে ফিরে পাওয়ার আশায় তারা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে চিরকুটের সত্যতা ও নিখোঁজের ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
নিখোঁজ শিশু মো. জায়হানের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

