
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল এলাকায় এক সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত চালকের বাবা কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ছিলারকান্দি গ্রামের বাসিন্দা রাহেল মিয়া (২৩) পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে ভুকশিমইল ইউনিয়নের পালর মোড়া এলাকায় তাঁর সিএনজির গতিরোধ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, খাড়েরা গ্রামের সাব্বির মিয়া, জামিল মিয়া, তাহের মিয়া ও আব্দুল হান্নান মোটরসাইকেলযোগে এসে রাহেল মিয়ার পথরোধ করেন। পরে তাঁকে এলোপাতাড়ি মারধর করে নগদ ২০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তাঁর সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
একপর্যায়ে রাহেল মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র পাঠানো হয়।
আহতের বাবা আব্দুল আলী বলেন, “ঘটনার পর থেকে অভিযুক্তরা আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

