
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে ফুটবলের প্রতি এক অদম্য ভালোবাসার নজির স্থাপন করেছেন সোহাগ মিয়া নামে এক কাতার প্রবাসী যুবক।
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তিনি তার নিজ বাড়ির ছাদ সাজিয়েছেন বিভিন্ন দেশের পতাকায়।
তার এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
সোহাগ মিয়া কুড়িঘর গ্রামের সড়ক পাড় মধ্যপাড়ার বাবুল মিয়ার ছেলে। জানা যায়, তিনি ব্যক্তিগতভাবে ব্রাজিল ফুটবল দলের একজন বড় ভক্ত। তবে ফুটবল খেলার প্রতি গভীর অনুরাগ থেকে তিনি কেবল প্রিয় দলের নয়, বরং বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা দিয়ে নিজ বাড়ির ছাদ চতুর্দিকে সুনিপুণভাবে সাজিয়েছেন।
সবুজ ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত তার এই দালানটি পতাকাসমূহের নান্দনিক সজ্জায় নতুন রূপ পেয়েছে।
আজ রবিবার (১৪ জুন) সরেজমিনে তার বাড়িতে গিয়ে সোহাগ মিয়াকে পাওয়া না গেলেও তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সোহাগের ভাইয়ের ভাষ্যমতে, ফুটবল বিশ্বকাপের আমেজকে উৎসবমুখর করে তুলতেই তিনি বিদেশ থেকে এসে নিজ উদ্যোগে বাড়ির ছাদে এই সাজসজ্জা করেছেন।
সোহাগ মিয়ার এমন ফুটবলপ্রেমী মন এবং নান্দনিক সজ্জার ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় এলাকাবাসী।
তাদের মতে, সোহাগের এই উদ্যোগ এলাকায় ফুটবল বিশ্বকাপের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
খেলাধুলার প্রতি এমন ইতিবাচক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা সাধারণ মানুষকে অনুপ্রাণিত করছে।

