
নিজস্ব প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর পুরান লাউড় এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষার লক্ষ্যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে আস্ সুন্নাহ ইসলামী যুব সমাজকল্যাণ পরিষদ (বৃহত্তর পুরান লাউড়)।
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় পুরান লাউড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় এ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজসেবক, ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া বর্তমানে সমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এসবের কারণে নৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়; জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমেই মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ করা সম্ভব।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। নবগঠিত পরিষদের সদস্যরা সংগঠনের সমাজকল্যাণমূলক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান, যুবসমাজকে মানবিক ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় একটি সুস্থ, নিরাপদ, আদর্শ ও নৈতিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।

