
মাসুম বিল্লাহ, খুলনা:
খুলনা মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, রক্তস্নাত পথ ধরেই দেশে নতুন গণতান্ত্রিক যাত্রার নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে যে সকল প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সরকার গঠনের পর থেকে ধাপে ধাপে তা বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড বিতরণসহ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা আগামী বাজেটে প্রতিফলিত হয়েছে। এই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে উন্নয়নের নতুন ধারার সূচনা হবে।
তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ‘‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’’ অংশ হিসেবে কেসিসি এ কর্মসূচি গ্রহণ করেছে। কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের ধারাবাহিকতায় খুলনা মহানগরীতেও আজ এটি শুরু হলো। মহানগরীতে ১৮০ দিনে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রশাসক শহিদ হাদিস পার্কে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এবং উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করেন। নগরীকে সবুজায়নের এই উদ্যোগে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আহবায়ক শেখ আশরাফ উজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক এবং পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা।

