
বাংলাদেশের সীমান্তে ভারতের পুশ-ইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি সীমান্তে পুশ-ইন ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, জেলা জাগপার আহ্বায়ক ইমরুল কায়েস রুপম, এনসিপির জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবীর।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, শহর আমীর মাওলানা সিরাজুস সালেহীন, জেলা ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, জেলা দক্ষিণ শিবিরের সভাপতি আবুল কালাম আজাদ, বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক এনামুল হক এবং সাবেক জেলা শিবির সভাপতি জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সীমান্তে নিরীহ মানুষ হত্যা ও জোরপূর্বক পুশ-ইন আন্তর্জাতিক মানবাধিকারের পরিপন্থী। অবিলম্বে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

