
শাহিনুর ইসলাম-ভ্রাম্যমান প্রতিনিধি:
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে- অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মাগুরার মহম্মদপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদের হলরুমে এই স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী-এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব ও অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান শুধু সনদ বা ডিগ্রি প্রদানের জায়গা নয়, বরং দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরির কেন্দ্র। তরুণ প্রজন্মের মেধা, বিজ্ঞানমনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাধারাই আগামী দিনের বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও এগিয়ে নিয়ে যাবে।” পরে তিনি প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন। পাশাপাশি প্রকল্পগুলোকে আরও বাস্তবমুখী ও যুগোপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও অনুপ্রেরণা দেখা যায়। উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মইমূর আলী মৃধা, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, ড. রইচ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম (তারা), শরিফুজ্জামান টুকু, বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ আখতারুজ্জামান বিল্লাহ ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। প্রায় ১০টি প্রদর্শনী স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করেন। তাদের উপস্থাপনর মধ্যে কৃষিভিত্তিক আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার প্রজেক্টগুলো উপস্থিত সকলকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. নাসিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

