
ইমরান হোসাইন, বাউফল (পটুয়াখালী) :
পটুয়াখালীর বাউফলে জাতীয় বাজেটকে জনমুখী ও বাস্তবভিত্তিক করতে নাগরিকদের মতামত সংগ্রহে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার দুপুরে বাউফল উপজেলা পরিষদের পুরাতন অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত এ নাগরিক সংবাদ সম্মেলনে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফলের উন্নয়ন ও জনগণের প্রত্যাশার প্রতিফলন জাতীয় বাজেটে দেখতে চাই। এজন্য জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।” তিনি আরও বলেন, “আমি একা এমপি নই, বাউফলের প্রতিটি মানুষই আমার সঙ্গে সংসদে প্রতিনিধিত্ব করছেন। তাই তাদের চাওয়া-পাওয়া সংসদে তুলে ধরাই আমার দায়িত্ব।”
সংবাদ সম্মেলনে শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা, নদীভাঙন, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আনা, ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন, খাস জমির সুষ্ঠু বন্দোবস্ত, নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।
উপস্থিত নাগরিকদের মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে উপস্থাপনের আশ্বাস দেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, হিন্দু সম্প্রদায়ের নেতা সোনু সাহা, অতুল পাল, জিতেন্দ্রনাথসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

