
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রত্যয়কে সামনে রেখে যশোরের মনিরামপুরে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি। তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা, বৈজ্ঞানিক মনন ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
শুক্রবার (১২ জুন) মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সম্রাট হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাসুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সেলিম রেজা, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,মনিরামপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজ্ঞান বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর ধারণা এবং বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন দিক উপস্থাপন করে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ গাজী এনামুল হক বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা। একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে বিজ্ঞানভিত্তিক শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের তরুণদের কেবল চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হিসেবে গড়ে উঠতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব আয়োজন তরুণদের স্বপ্ন দেখতে শেখায়, নতুন কিছু করার সাহস জোগায় এবং দেশের প্রতি দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন বলেন, “বিজ্ঞান কেবল পাঠ্যবইয়ের বিষয় নয়, এটি জীবনকে বদলে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম। উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। আজকের এই প্রদর্শনী প্রমাণ করেছে যে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারাই আগামী দিনে দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির নেতৃত্ব দেবে।”
বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের গণিত বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুস সবুর বলেন, এ ধরনের বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব, সৃজনশীল চিন্তাশক্তি এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

