
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহে ব্রাজিলের সমর্থনে আনন্দ শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শহরে ওয়াজির আলী স্কুল মাঠ থেকে র্যালিটি বের হয়ে পায়রা চত্বর প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
“ব্রাজিল সমর্থক গোষ্ঠি ঝিনাইদহ” নামের একটি সংগঠন এই আয়োজন করে। র্যালিতে বিভিন্ন মুখোরোচক স্লোগান দিয়ে পথচারী ও শহরবাসীদের দৃষ্টি আকর্ষণ করা হয়। র্যালি শেষে একটি মোটরসাইকেল শোভাযাত্রাও করেন সমর্থকরা।
আয়োজক রাজিব হাসান জানান, গত রাতে বিশ্বকাপের পর্দা উঠেছে। ঝিনাইদহে ব্রাজিলের বিপুল সংখ্যার সমর্থক ও অনুরাগী রয়েছে। আজ সবাই স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করেছে। আমরা আমাদের প্রিয় ফুটবল হিসেবে ব্রাজিলকেই এগিয়ে রাখছি। আমাদের প্রত্যাশা এবারের বিশ্বকাপটি ব্রাজিলের ঘরেই যাবে।
ডা: লিমন পারভেজ নামের আরেক অনুরাগী জানান, ব্রাজিল সর্বকালের সেরা দল। তারা সর্বোচ্চ বার বিশ্বকাপ নিজেদের ঘরে নিয়েছে এবং সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে। এবছর ব্রাজিল দলে বিশ্বের সেরা খেলোয়াড়েরা রয়েছেন। অপ্রদ্বন্দ্বি দল হিসেবা তারা মাঠ কাপাবে।
এম রবিউল ইসলাম নামের আরেক সমর্থক বলেন, খেলা নিছক আনন্দের একটা বিষয়। আমরা আজকে র্যালিতে যোগ দিয়ে নিজেদের সম্প্রীতি বাড়িয়েছি। বিশ্বকাপ ফুটবল খেলাকে আরও উত্তেজনাকর ও উপভোগ্য হিসেবে তৈরির চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি ঝিনাইদহে যারা ফুটবল প্রেমি রয়েছেন তাদের একটা বড় অংশ ব্রাজিলের সাপোর্টার। আমরা অন্য দলের সাপোর্টারদের অসম্মান না করে নিজের পছন্দের দলকে এগিয়ে রখছি।

