
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় কলেজছাত্র ফাহমিদ রুমন হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে ১১জুন ২০২৬ খ্রি. বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।
গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী ফাহমিদ রুমনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। গত ৭ জুন ২০২৬ তারিখে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে গাইবান্ধা জেলা পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন তারা।
নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গত ৭ জুন ২০২৬ তারিখ রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে জানা যায়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন। তারা হলেন— এ.এইচ.এম রেজাউল করিম ছানা, মো: নাসিরুল আহসান আকিব, মোছা: বেবী বেগম, মোছা: ইতি বেগম এবং মো: মনিরুজ্জামান মনু।
নিহতের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের জোরালো দাবিসমূহের মধ্যে রয়েছে:
১. মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করা।
২. ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করা।
৩. নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
৪. দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীরা প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে করে তারা ন্যায়বিচার পেতে পারেন।

