
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি
যশোরের বহুল আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আবারও আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল জানান, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে থানায় আনা হয়েছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে গত বছরের ডিসেম্বরে একটি নাশকতা মামলার অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) মহুয়াকে আটক করেছিল। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিন লাভ করে মুক্তি পান। কয়েক মাসের ব্যবধানে আবারও তাকে আটক করায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে আলোচনা শুরু হয়েছে।
নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদের সদস্য পদে প্রার্থী হিসেবে আলোচনায় এসেছিলেন। পাশাপাশি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় নতুন কোনো মামলা বা পূর্বের কোনো মামলার সূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

