
মো. পারভেজ, পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার জৌলুর দীঘির পশ্চিম পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক পঙ্কজ শীল নিহত এবং তিলক শীল গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসাইন।
ঘটনার পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিলক শীলকে দেখতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে নিহত পঙ্কজ শীলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে গভীর শোক প্রকাশ করেন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মো. সাজ্জাদ হোসাইন বলেন, “পটিয়ার এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো সমাজের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি সতর্কবার্তা। আজ দেশের বিভিন্ন স্থানে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধের বিস্তার সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে।”
তিনি আরও বলেন, “শুধু দেশের মানুষ নয়, প্রবাসে অবস্থানরত লক্ষ লক্ষ বাংলাদেশিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন। প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখছেন, কিন্তু দেশে থাকা তাঁদের পরিবার-পরিজনের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।”
তিনি দাবি জানান, পঙ্কজ শীল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পটিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য মোহাম্মদ সেলিম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নিহত পঙ্কজ শীলের আত্মার মাগফিরাত কামনা করেন, আহত তিলক শীলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহত ও আহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

