
মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা
গাইবান্ধা শহর রক্ষা বাঁধ হিসেবে পরিচিত ঘাঘট নদীর বাঁধটি বর্তমানে অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি অতিবৃষ্টির কারণে বাঁধের প্রায় অর্ধেক অংশ ভেঙে ও ধসে গিয়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছে। সামনে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে শহর তলিয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের অনেক স্থানে বড় বড় ফাটল ধরেছে এবং বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে বাঁধটি তার মূল ভিত্তি হারিয়েছে। বিশেষ করে শহরের নিম্নাঞ্চল রক্ষার এই বাঁধটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে যেকোনো সময় বাঁধটি পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হতে পারে।
স্থানীয়রা জানান, প্রতিবছরই বর্ষা মৌসুমে ঘাঘট নদীর পানি বাড়লে শহর রক্ষা বাঁধটি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। কিন্তু এবার বাঁধের যে করুণ দশা, তাতে সাধারণ মানুষের মধ্যে ভীতি চরমে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার বা স্থায়ী সুরক্ষামূলক ব্যবস্থা না নিলে বর্ষায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বাঁধটি শুধু একটি অবকাঠামো নয়, এটি গাইবান্ধা নিরাপত্তার প্রধান দেয়াল। কর্তৃপক্ষ যদি এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তবে আসন্ন বর্ষায় শহরটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে।
এ বিষয়ে স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি। জনগণের নিরাপত্তার স্বার্থে, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে ভাঙা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত এবং বাঁধটি স্থায়ীভাবে শক্তিশালী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

