
আল মুজাহিদ-(যশোর)
যশোরের কেশবপুরে গরু চুরি করে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৮ জুন) রাতে উপজেলার বুড়ুলি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের হাকিম ওরফে হামিদ শেখের ছেলে মনিরুল ইসলাম সুজন শেখ (৪৫), ফুলতলা থানার দামোদার গ্রামের তৈয়ব মোল্যার ছেলে মুকুল মোল্যা (৫২) এবং বাগেরহাট জেলার বারুইখালী গ্রামের জাকির শেখের ছেলে রাসেল (২৪)।
পুলিশ জানায়, একটি গরু চুরি করে সিএনজিযোগে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
কেশবপুর থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

