
মোঃ মামুন-চরফ্যাসন :
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা ৬নং ওয়ার্ডে মিন্টু দুবাই বাড়ির দরজার রাস্তার মাথা থেকে আলমঘাট পর্যন্ত প্রায় ৭ হাজার ফুট দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ সড়কের জন্য মাত্র ৩০০ ফুট রাস্তার বাজেট নির্ধারণ করা হয়েছে, যা এলাকাবাসীর চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল।
স্থানীয় জনগণের দাবি, রাস্তার অন্তত অর্ধেক অংশ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। এই সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের বসবাস। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ এই পথ ব্যবহার করে চলাচল করেন।
বিশেষ করে বর্ষাকালে রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগ, অতীতেও একাধিকবার এই রাস্তার উন্নয়নের জন্য বাজেট প্রস্তাব করা হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি। এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থ বিবেচনায় মাননীয় সংসদ সদস্য মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এলাকাবাসী মনে করেন, এই সড়কের উন্নয়ন বাস্তবায়িত হলে হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার শিক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

