
মুহাম্মদ রাকিবুল ইসলাম-ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ং বুলাকিপুর ইউনিয়নের হরিপাড়া গ্রামে একই রাতে দুই বাড়ি থেকে চারটি গরু চুরি এবং আরও দুই বাড়িতে গরু চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। এক রাতেই একাধিক বাড়িতে চোরচক্রের হানায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিপাড়া গ্রামের মো. নাইবুদ্দিনের ছেলে শাওনের বাড়ি থেকে দুর্বৃত্তরা দুটি গাভী চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
একই রাতে মো.ফজর উদ্দিনের ছেলে মগবুল হোসেনের বাড়ি থেকেও দুটি বিদেশি জাতের গরু চুরি হয়। ভুক্তভোগীর ভাষ্যমতে, গরু দুটির বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
ফলে দুটি বাড়ি থেকে মোট চারটি গরু চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে একই গ্রামের মো.মোজাম্মেলের ছেলে মোসলেমের বাড়িতে গরু চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের তৎপরতায় তারা গরু নিয়ে যেতে পারেনি।
এছাড়া খোকা মিয়ার ছেলে শহিদুলের বাড়িতেও চোরেরা হানা দেয়। তারা গরুর শিং ও বাঁধন খুলে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গরু চুরি করতে ব্যর্থ হয়।
একই রাতে একই গ্রামের চারটি বাড়িতে গরু চুরি ও চুরির চেষ্টার ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “গরু চুরি ও চুরির চেষ্টার বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিলে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এলাকায় পুলিশি নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, চোরচক্রকে দ্রুত গ্রেপ্তার করে চুরি হওয়া গরু উদ্ধার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করা হোক।

