
মাহমুদুল হাসান বাপ্পীকে যুবদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মুকসুদপুরে আনন্দ মিছিল
মোঃ বাবুল হোসেন-মুকসুদপুর (গোপালগঞ্জ)
৭ জুন ২০২৬ গোপালগঞ্জের কৃতি সন্তান ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাহমুদুল হাসান বাপ্পীর এ অর্জন মুকসুদপুর-কাশিয়ানী তথা সমগ্র গোপালগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখ, পৌর বিএনপির সভাপতি টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান বাপ্পীকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে মাহমুদুল হাসান বাপ্পীর এ পদায়ন হয়েছে। তারা তাঁর সফলতা কামনা করেন এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

