
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া উপজেলা প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কোদালি ব্রিজ এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (৭ জুন ২০২৬) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটি শেষে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান চিল্ড্রেন কেয়ার একাডেমির তিন শিক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। এ সময় বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকার দক্ষিণ পাশে এবং ফুলেরতল বাজারের উত্তর দিকে অবস্থিত কোদালি ব্রিজের ওপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী জসিম খান জানান, সংঘর্ষের তীব্রতায় তিন শিক্ষার্থী ব্রিজের পাশ থেকে নিচের খালে পড়ে যায়। এতে একজন শিক্ষার্থী মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং অপর দুই শিক্ষার্থীর মেরুদণ্ডে আঘাত লাগে। এছাড়া তাদের শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পথচারী এবং বরমচাল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মকর্তা জসিম খান দ্রুত আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
স্থানীয় বাসিন্দারা জানান, কোদালি ব্রিজটি সরু হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়া ব্রিজের নিচে কাচ, রড ও লোহার মতো ঝুঁকিপূর্ণ বস্তু ছড়িয়ে-ছিটিয়ে থাকায় দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা আরও বেড়ে যায়। জননিরাপত্তার স্বার্থে ব্রিজটি প্রশস্তকরণসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের পরিচয় ও তাদের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।

