
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনার চাটমোহর উপজেলার তেনাচিড়া থেকে কাটাখালী সড়ক প্রশস্তকরণ ও মেরামত প্রকল্পে নির্মাণমান ও কাজের পদ্ধতি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ করছে বরেন্দ্র কনস্ট্রাকশন। তবে কাজের বিভিন্ন ধাপে অনিয়মের অভিযোগ এবং ইতোমধ্যে দৃশ্যমান কিছু ত্রুটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে এজিং ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও এজিং হেলে পড়া ও ভেঙে যাওয়ার চিত্রও চোখে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এই নির্মাণকাজে প্রয়োজনীয় মান বজায় রাখা হয়নি এবং বিভিন্ন স্তরে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, সড়ক নির্মাণে ব্যবহৃত খোয়ার মান নিয়েও প্রশ্ন রয়েছে। স্থানীয়দের ভাষ্য, নিম্নমানের খোয়া ব্যবহার করে দ্রুত বিটুমিনের প্রলেপ দেওয়া হয়েছে। ফলে কাজের প্রকৃত মান নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।
প্রকল্পটির সবচেয়ে আলোচিত বিষয় হলো বৃষ্টির মধ্যেই কার্পেটিং কাজ সম্পন্ন করা। স্থানীয় সূত্রে আরো জানা যায়, ঝুম বৃষ্টির মধ্যেই সড়কের প্রায় আধা কিলোমিটারেরও বেশি অংশে পিচ ঢালাই করা হয়। নির্মাণকাজে আবহাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বৃষ্টির মধ্যেই কাজ চালিয়ে যাওয়ায় প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের সময় পর্যাপ্ত তদারকি নিশ্চিত করা হয়নি। ফলে কাজের বিভিন্ন ধাপে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, জনগণের অর্থে বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে এ ধরনের ত্রুটি ও অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তেনাচিড়া-কাটাখালী সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির পর সড়কটির উন্নয়নকাজ শুরু হলেও নির্মাণমান নিয়ে প্রশ্ন ওঠায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা প্রকল্পের কাজ নিরপেক্ষভাবে তদন্ত, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
একই সঙ্গে তারা সড়কটির টেকসই ও মানসম্মত নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

