
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ঈদের আনন্দ বিষাদে পরিণত হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক পরিবারে। বন্ধুদের সঙ্গে ট্রেনের ছাদে চড়ে সিলেট যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লেগে মো. ফাহিম (২৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ফাহিম নবীনগর পৌরসভার দোলাবাড়ি গ্রামের বাসিন্দা এবং দড়িশ্রীরামপুর উত্তর পাড়ার মৃত জয়দুল হুসেন মিয়ার নাতি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উপভোগ করতে বন্ধুদের সঙ্গে ট্রেনের ছাদে চড়ে সিলেটের উদ্দেশে রওনা হয়েছিলেন ফাহিম। পথিমধ্যে ট্রেনটি একটি আমগাছের নিচ দিয়ে অতিক্রম করার সময় ফাহিম গাছের ডালের সাথে প্রচণ্ডভাবে ধাক্কা খান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ট্রেনের ছাদেই তিনি ঘটনাস্থলে মারা যান।
সরেজমিনে শোকের ছায়া:
নিহত ফাহিমের গ্রামের বাড়ি দোলাবাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
এলাকাবাসী জানান, ফাহিমের জীবনটা ছিল নানা সংগ্রামে ভরা। ছোটবেলাতেই তিনি তাঁর বাবাকে হারান। বাবার মৃত্যুর পর অনেক কষ্ট করে বড় হয়ে সম্প্রতি পরিবারের স্বচ্ছলতা ফিরাতে অবৈধভাবে (ঝুঁকি নিয়ে) প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেখানে থিতু হতে না পেরে কিছুদিন আগেই তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার অল্প কিছুদিনের মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনা তাঁর পরিবারকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে বারবার ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্য সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও এভাবে ঝুঁকিপূর্ণ ভ্রমণের কারণে একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় গভীর শোক ও সচেতনতার দাবি উঠেছে।

