
মোঃ তরিকুল ইসলাম খান :
কুষ্টিয়া-মেহেরপুর সীমান্ত এলাকায় ভারত থেকে সম্ভাব্য পুশইনের একাধিক চেষ্টা স্থানীয় জনসাধারণ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সতর্ক অবস্থানের কারণে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও রাতভর পাহারায় অংশ নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সীমান্তে সন্দেহজনক চলাচল ও অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর আশঙ্কা দেখা দিলে বিজিবি টহল জোরদার করে। একই সঙ্গে সীমান্তসংলগ্ন গ্রামের বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে পাহারায় অংশ নিয়ে প্রশাসনকে সহযোগিতা করছেন।
গ্রামবাসীরা জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়রা বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
এ বিষয়ে সীমান্ত এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “আমরা চাই দেশের নিরাপত্তা বজায় থাকুক। তাই বিজিবির সঙ্গে থেকে সীমান্তে নজরদারি করছি। কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।”
সীমান্তে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের মতে, বিজিবি ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে এবং পুশইনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হবে।

