
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে তিন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরও ৮ থেকে ৯ জন জুয়াড়ি।
গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গত ৫ জুন রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর থানাধীন ৯ নং বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) গ্রামে এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন— মধ্যম কুমেদপুর এলাকার মো. ইসমাইল হোসেন (৫৫), কাজল ঢোপ গ্রামের মো. লাল মিয়া (৫২) এবং দূর্গাপুর গ্রামের শাহদাৎ হোসেন শাহে (২৯)।
অভিযান পরিচালনাকারী পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়া খেলার আলামতসহ তিনজনকে আটক করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাকি জুয়াড়িরা দ্রুত সটকে পড়ে।
এ ঘটনায় সাদুল্লাপুর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় একটি নিয়মিত মামলা (নং-০৯, তারিখ: ০৬/০৬/২০২৬) রুজু করা হয়েছে। আটককৃতদের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নির্মূলে এবং জননিরাপত্তা বজায় রাখতে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

